চট্টগ্রাম : চট্টগ্রামের নাট্যাঙ্গনে দক্ষ রূপসজ্জাশিল্পী তৈরি ও প্রয়াত নাট্যকর্মী শাহীনূর সারোয়ারের স্মৃতিকে ধারণ করে স্কেচ গ্যালারি–নন্দনের আয়োজনে দুই দিনব্যাপী ‘শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা’ সম্পন্ন হয়েছে। গত ২০ ও ২১ নভেম্বর সিটির মেহেদীবাগস্থ সংগঠনের মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন নাট্যকর্মী শাহরিয়ার হান্নান। এতে চট্টগ্রামের ১৫ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালার প্রথম দিন মঞ্চনাটকের রূপসজ্জার মৌলিক কলাকৌশল হাতে-কলমে শেখানো হয়। দ্বিতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কুন্তল বড়ুয়া রূপসজ্জার তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রূপসজ্জার ব্যবহারিক প্রয়োগের বিভিন্ন সূক্ষ্ম দিক তুলে ধরেন।
কুন্তল বড়ুয়া বলেন, ‘নাটকে রূপসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলেও চট্টগ্রামে এখনো নিয়মিতভাবে দক্ষ রূপসজ্জাশিল্পী তৈরি হয়নি। বর্তমান প্রেক্ষাপটে রূপসজ্জাকে পেশা হিসেবে গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রয়োজন যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলন।’
‘ শাহীনূর সারোয়ার একজন মেধাবী অভিনেতার পাশাপাশি দক্ষ রূপসজ্জাশিল্পীও ছিলেন।’
তাঁর স্মৃতিতে এ ধরনের কর্মশালা আয়োজন করায় তিনি স্কেচ গ্যালারি–নন্দনকে ধন্যবাদ জানান এবং কর্মশালাটি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালা পরিচালনাকারী শাহরিয়ার হান্নান বলেন, ‘নিয়মিত চর্চা ছাড়া রূপসজ্জায় দক্ষতা অর্জন সম্ভব নয়। শাহীনূর সারোয়ারের মৃত্যুর পর চট্টগ্রামের মঞ্চনাটকের রূপসজ্জায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নাট্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
তিনি জানান, শিগগিরই আরও দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে কর্মশালার পরবর্তী ধাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে মঞ্চনাটকের পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়ার রূপসজ্জাও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হবে।
















