চট্টগ্রাম : নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬’ পালন করা হয়েছে। এবারের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন : প্রিভেন্ট এএমআর নাউ’।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, মূলপ্রবন্ধ উপস্থাপন, মাল্টিডিসিপ্লিনারি প্যানেল আলোচনা, পোস্টার উন্মোচন, ভিডিও, কুইজ, উপস্থিত বক্তৃতা ও হ্যাকাথন প্রতিযোগিতা, সচেতনতামূলক নাটক এবং র্যাফেল ড্র।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশ্ববিদ্যালয়েল বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অঙ্গীকার ও স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অন্যান্য কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সোহেল আল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলায়েত হোসেন।
‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এমন একটি সমস্যা, যার প্রভাব কোনো নির্দিষ্ট খাত বা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের চিকিৎসা, প্রাণীর স্বাস্থ্যসেবা, কৃষি ও খাদ্য উৎপাদন এবং পরিবেশের ওপর এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে অ্যান্টিমাইক্রোবিয়ালের দায়িত্বশীল ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এছাড়া চিকিৎসক, ভেটেরিনারিয়ান, জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালসসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা’ বিষয়ে অনুষ্ঠিত হয় মাল্টিডিসিপ্লিনারি প্যানেল আলোচনা। এতে অংশগ্রহণ করেন সিভাসুর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. এসকেএম আজিজুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ড. নাবিল ফারাবী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জাহেদ বিন রহিম এবং অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিজনেস অপারেশনস) মোহাম্মদ শরীফুর রহমান।
আলোচনায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিভাসুর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশিফ ইমতিয়াজ শাওন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসিই (এসিই) ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড ও সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউটের সহযোগিতায় দিবসটির কর্মসূচিসমূহ বাস্তবায়ন করা হয়।
















