চট্টগ্রাম : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সশস্ত্র বাহিনী দিবস আমাদের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবের দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে।এধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরো জাগ্রত করে।’
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমান বাহিনীর জহরুল হক ঘাঁটি সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।এই দিনটি আমাদের সবাইকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। আগামীতে তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সদস্যরা।
















