চট্টগ্রাম : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকাল তিনটায় এ কর্মসূচি পালন করা হয়।
ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিতে ও সদস্যসচিব মির্জা ফারুকের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন।
কর্মসূচিতে শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘দেশের পরিবেশ ও আবহাওয়া ঠিক রাখার জন্য প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে গাছ লাগানো কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। যাতে করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং জলবায়ু দূষণ রোধ হয়। এতে করে সকলের শরীর থাকবে সুস্থ, সকলে পাবে নির্মল বাতাস ও পরিষ্কার নিঃশ্বাসের স্থান।’
তিনি প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সকলকে অনুরোধ জানান প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন তাদের বাড়ির আঙিনায় তিনটি করে গাছ লাগায় এবং সামাজিক বনায়ন সৃষ্টিতে তিনি জোর দেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা মো. নাঈম, জুয়েল পাঠান, মো. তাহসিন, মো. হৃদয়, মো. জাহিদ, মো. রনি, স্মৃতি আক্তার, নিলয় কান্তি দাস, মো মুন্না, ইলহাম, মো. রায়হান প্রমুখ।
















