চট্টগ্রাম : সাপ ও সর্পদংশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীল নন্দন কাননে অবস্থিত ফরেস্ট ডিপার্টমেন্ট কনফারেন্স হলে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় শুরু হতে যাওয়া সেমিনারে সাপ ও সর্পদংশন চিকিৎসা, বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা, মানব-বন্যপ্রাণী সহাবস্থান এবং বন্যপ্রাণী সংরক্ষণে পানির ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
সেমিনারে বন্যপ্রাণী ও সংরক্ষণ বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করবেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপবন সংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন। তার সেশনে বাংলাদেশের বন্যপ্রাণী ও বনসম্পদ সংরক্ষণ, সংরক্ষণ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।
এছাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বন্যপ্রাণী বিষয়ক সেশন পরিচালনা করবেন। এ সেশনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা, বন্যপ্রাণীর গুরুত্ব এবং সংরক্ষণে বাস্তবভিত্তিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।
অন্যদিকে সাপ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক সেশন পরিচালনা করবেন রেজোয়ানা আরেফীন, যিনি সাপ সচেতনতা, সর্পদংশন ব্যবস্থাপনা এবং সাপ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে কমিউনিটিভিত্তিক কাজ করে আসছেন। সেশনে সাপ শনাক্তকরণ, সাপের পরিবেশগত গুরুত্ব, সাপ নিয়ে প্রচলিত ভুল ধারণা, সর্পদংশনের ক্ষেত্রে করণীয় এবং বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপ ও অন্যান্য বন্যপ্রাণী আমাদের প্রতিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও ভয়, কুসংস্কার ও ভুল তথ্যের কারণে অনেক প্রাণী অপ্রয়োজনীয়ভাবে নিধনের শিকার হচ্ছে। একইসঙ্গে সর্পদংশন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তাই জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সচেতনতা তৈরি করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
সেমিনারে বন ও বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, শিক্ষার্থী, বন্যপ্রাণীপ্রেমী, স্বেচ্ছাসেবক ও আগ্রহী ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
















