পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে এ ব্যবস্থার উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে এনামুল হক এনাম বলেন, ‘এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে পটিয়ার একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন।’
অনুষ্ঠান শেষে এনামুল হক প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের পড়াশোনার খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন ও শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান।
এনামুল হক শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি মিশকাত আহমেদ, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, অ্যাডভাইজার অধ্যাপক নুরুল হুদা, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের প্রমুখ।
















