পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মো. নাছির ও মো. কাইসার। তাদের তিনজনের বাড়িই কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায়। তবে নাছির ও কাইসারের সাংগঠনিক পদ-পদবি জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোরনখাইন এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম এলাকার মৃত আবদুস সালামের ছেলে, মো. কাইসার মো. ইউসুফের ছেলে এবং মো. নাছির আহমদ আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন,‘ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’
















