চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, কাট্টলীর কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব ডাক্তার (ডা.) মো. শাহাদাত হোসেনের ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উত্তর কাট্টলীর কর্নেলহাটে এ কার্যালয় করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওসমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য ও আকবরশাহ থানা আমীর মো. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমীর মো. আবদুল করিম, বিশিষ্ট যুব সংগঠক মো. শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, অধ্যাপক নুরুর রশীদ, বিশিষ্ট ব্যাংকার নাজমুল হক রাশেদ, মো. শামসুল ইসলাম, অ্যাডভোকেট আফতাব উদ্দীন খালেদ, আকবরশাহ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জোনায়েদ আহমদ রাফি।
অনুষ্ঠানে আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘ডা. শাহাদাত হোসেন একজন মানবিক ও জনকল্যাণমুখী ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তার সেবা কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেলো।’
‘অতীতে অনেকেই এ এলাকার দায়িত্বে ছিলেন, কিন্তু জনগণের মৌলিক সমস্যাগুলোর কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।’
এ ক্ষেত্রে ডা. শাহাদাত হোসেনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি।’
সভায় অন্যা বক্তারা বলেন, ‘একটি এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সৎ, যোগ্য, দায়িত্বশীল এবং জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন।’
ডা. শাহাদাত হোসেনের মধ্যে এসব গুণাবলি রয়েছে বলে তারা উল্লেখ করেন।
আগামী কাউন্সিলর নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ‘এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য একজন যোগ্য কাউন্সিলর প্রয়োজন।’
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ উদ্দিন চৌধুরী।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
















