চট্টগ্রাম : চট্টগ্রামে পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার ও আধুনিক মাছ চাষে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত দুইটি উদ্যোগ পরিদর্শন করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। পরিদর্শন শেষে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ায় বর্জ্য ও পরিবেশদূষণ কমানো এবং পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ দুটিকে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য বলে উল্লেখ করেছে প্রতিনিধিদল।
ইপসা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৮-৯ নভেম্বর দুই দিনের সফরে প্রতিনিধিদলটি ইপসার ‘স্মার্ট প্লাস্টিক রিসাইকেল’ ও ‘স্মার্ট পিসিকালচার’ উপপ্রকল্পের কার্যক্রম ঘুরে দেখে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)’ প্রকল্পের আওতায় উপপ্রকল্প দুইটি বাস্তবায়ন করছে সংস্থাটি।
পরিদর্শনের প্রথম পর্যায়ে প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব প্লাস্টিক পুনর্ব্যবহার কার্যক্রম ঘুরে দেখে। পরে মিরসরাই উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় মাছ চাষ কার্যক্রম পরিদর্শন করে। সেখানে গুচ্ছভিত্তিক ও সম্পদ-সাশ্রয়ী মাছ চাষ, সৌরবিদ্যুৎচালিত হ্যাচারি পরিচালনা ও পুকুরের তলদেশ পরিষ্কার রাখার বিশেষ পদ্ধতি সম্পর্কে ধারণা নেন তারা।
এ সময় প্রকল্পের আওতায় সহায়তা পাওয়া উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। প্লাস্টিক পুনর্ব্যবহার ও মাছ চাষের অগ্রগতি, বাস্তব অভিজ্ঞতা এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াদোমি, জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ এসএম জুলকারনাইন, সামাজিক উন্নয়ন ও জেন্ডার বিশেষজ্ঞ সামিরা চৌধুরী, জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. শরিফুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ শারলিন হোসেন ও যোগাযোগ পেশাজীবী কাশফিয়া মাহফুজ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পক্ষে ছিলেন সংস্থাটির সিইআরডির উপমহাব্যবস্থাপক ও স্মার্ট প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী মো. রওশন হাবিব এবং ব্যবস্থাপক ও উপপ্রকল্প সমন্বয়কারী আবু হায়াত মো. রাহাত হোসেন। ওয়াইপিএসএর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. আরিফুর রহমান প্রতিনিধিদলকে স্বাগত জানান।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, প্রতিনিধিদলের এই সফর চলমান কার্যক্রম মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উদ্যোগকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে। সম্পদের সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নে সংস্থাটির কার্যক্রম অব্যাহত থাকবে।
















