চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে। প্রাণীর কল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যে কোন উদ্যোগে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা থাকবে।’
শনিবার (৩ অক্টোবর) সিভাসুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
সিটি কর্পোরেশনের যে কোন প্রাণিবান্ধব পদক্ষেপেও সিভাসুর সহযোগিতা কামনা করেন শাহাদাত হোসেন।
‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার-সবাই মিলে একসাথে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।’
‘সি দ্য ওয়ার্ল্ড থ্রু দেয়ার আইজ (তাদের চোখে বিশ্বকে দেখুন)’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সিভাসুতে ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম. সাইফুদ্দীন এবং পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকত।
সকল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড .মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ্রহণ করেন।
এরপর ক্রমান্বয়ে পোস্টার গ্যালারি উদ্বোধন ও সিভাসু অডিটোরিয়ামে বিভাগের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘প্রাণিকল্যাণ : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
অনুষ্ঠানে ‘এনিম্যাল ওয়েলফেয়ার ক্লাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রাণিকল্যাণ বুলেটিন ও এমএস থিসিস অ্যাবস্ট্রাক্টের মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া, অনুষ্ঠানে ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, হাতে তৈরি পোস্টার প্রদর্শন এবং প্রামান্যচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















