চট্টগ্রাম : একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় প্রশাসক শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর চৌধুরী পাড়াস্থ কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও আলোকায়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। নগর উন্নয়ন বলতে শুধু সড়ক, ড্রেনেজ ব্যবস্থা কিংবা অবকাঠামোগত উন্নয়নকে বোঝায় না; নাগরিকদের ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত স্থাপনাগুলোর উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় নগরীর কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’
‘কবরস্থান আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষকে মৃত্যুর বাস্তবতা, পরকালীন জবাবদিহিতা এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা আত-তাকাসুরে সম্পদ ও প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হয়ে পড়ার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাই কবরস্থানের পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।’
প্রশাসক বলেন, ‘নগরীর প্রতিটি এলাকার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের সুফল যেন নগরীর প্রত্যন্ত ওয়ার্ডের মানুষও সমানভাবে পান, সে লক্ষ্যেই চসিক কাজ করছে। এসব উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সহযোগিতাও প্রয়োজন।’
চৌধুরী পাড়াস্থ কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও আলোকায়নসহ সার্বিক উন্নয়নকাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট ২৬ লাখ ১৩ হাজার টাকা ব্যয় হয়েছে। এসব কাজ সম্পন্ন হওয়ায় কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার পাশাপাশি এর পরিবেশ ও নান্দনিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন চৌধুরী, মাঈনুদ্দিন চৌধুরী, শামশুল আলম, আব্বাস রশিদ, মো. সেলিম উদ্দিন, ফরিদুল আলম, আইয়ুব খান, মহসিন তালুকদার, কুতুব উদ্দিন চৌধুরী, আ. করিম, শফিকুল ইসলাম মহিউদ্দিন, জহির উদ্দিন বাবলু, দিদার, হায়াতুর রশিদ, শহিদুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, কবির মিয়া, রাসেল, সিরাজ উদ্দিন, শাহাজাহান আব্বাস রিপন, পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার উদ্দিন নিবলু।
স্থানীয় এলাকাবাসী কবরস্থানের উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য চসিকের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















