চট্টগ্রাম : আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ বিষয়ক অনুষ্ঠান করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিল (সিএসই)।
রোববার (৮ মার্চ) চট্টগ্রাম সিটির আগ্রাবাদে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যবসায় ও টেকসই উন্নয়নের জন্য জেন্ডার ইকুয়ালিটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করারই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সাইফুর রহমান বলেন, ‘দেশিয় ও আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে একাত্ম ঘোষণা করে সিএসইতে প্রতি বছর নারী দিবসের পালনের মাধ্যমে নতুন কমিটমেন্ট সেট করি এবং কাজের পরিবেশ আরও সুদৃঢ় করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হই।’
‘এ বছরের প্রতিপাদ্য বিষয়ের বিবেচনায় নারী কর্মীদের জন্য একটি স্ট্যান্ডার্ড পরিবেশ দেওয়ার ব্যাপারে গৃহীত পদক্ষেপগুলোর নিয়মিত তদারকি করা এবং বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করার কাজটি আরও সুচারুভাবে করার পরিকল্পনা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সিএসই শুধু তার নারী কর্মী নয় বরং সব কর্মকর্তা/কর্মচারীর জন্য উপযোগী, সহিষ্ণু, সুষম অংশগ্রহণ এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ ইতোমধ্যে দিয়ে আসছে। আমাদের প্রয়াস থাকে কিভাবে এই পরিবেশকে আরও উন্নত করা যায়, সমতা আনয়ন ক্রমাগত বৃদ্ধি করা যায়, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা যায়- যেন আরও উপযোগী ও আস্থার পরিবেশ নিশ্চিত হয়। প্রতিটি ক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নের জন্য নারীদের জন্য সমান সুযোগ করে দিতে পারলে সামগ্রিক উন্নতি নিশ্চিত করা যাবে।’
সাইফুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী প্রতি বছরই আগের বছরের চাইতে বেশ পরিবর্তন পরিলক্ষিত হয়। একই সাথে ইকসিস্টেমেও এই পরিবর্তন দেখা যায়। অনেক ক্ষেত্রে যেমন এগিয়ে গেছি। তেমনি কিছু ক্ষেত্রে এখনো পর্যাপ্ত অগ্রগতি হয়নি। তাই লক্ষ্য স্থির রেখে প্রায়োগিক ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। এক্সচেঞ্জ এবং এর সাথে যুক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করে নিজেদের মধ্যকার গৃহীত পদক্ষেপগুলোর নিয়মিত পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সে অনুযায়ী উন্নয়নের কাজগুলর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
মাহাদি হাসান বলেন, ‘কর্পোরেট কর্ম পরিমণ্ডলের সব ধরনের কাজের ক্ষেত্রে সমানভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ব্যক্তি জীবনে এর সঠিক চর্চা। অর্থাৎ পারিবারিক ও সামাজিক জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদেরকে আরও যত্নবান হতে হবে এবং প্র্যাকটিস অব্যাহত রাখতে হবে। এছাড়া সিএসইতে ইকুয়াল কাজ করার সুযোগ আছে এবং এই ধারা অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
জেনারাল ম্যানেজার অ্যান্ড হেড অফ ইনফর্মেশন টেকনোলজি মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘সিএসইতে নারী সহকর্মীরা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ করে এবং পুরুষ সহকর্মীদের সাথে সমান দক্ষতার সাথে কাজ করেছে এবং করছে এমন দৃষ্টান্ত প্রতীয়মান। আশা করছি, আমাদের নারী সহকর্মীরা সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং সফলতার সাথে এগিয়ে যাবে। এছাড়া সামগ্রিকভাবে নারীরা বেশ এগিয়ে এসেছে এবং সুযোগ পেলে আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে।’
জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ ট্রেক মার্কেটিং সার্ভিসেস মোহাম্মদ মুর্তজা আলম বলেন, ‘আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। কর্পোরেট পরিমণ্ডলে আমরা এই দিবসটি যেমন নিয়মিত পালন করছি, তেমনি লক্ষ্য নির্ধারণ করে ক্রমাগত পরিবর্তনের সাথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের আবেদন থাকবে, প্রাতিষ্ঠানিক থেকে শুরু করে সরকারি পর্যায়ে আরও অনেক পদক্ষেপ নিতে হবে এবং সুষমভাবে তা পালন করার ব্যাপারে সুনির্দিষ্ট হতে হবে।’
জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অফ বিজনেস অ্যান্ড মার্কেট ডেভেলেপমেন্ট ডিপার্টমেন্ট মোহাম্মদ মনিরুল হক বলেন, ‘আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক থিমের সাথে একাত্মতা রেখে সিএসইতে জেন্ডার ইকুয়ালিটি বিষয়ে কাজ করছে এবং একে আরও উন্নত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে নারী সহকর্মীরা বলেন, ‘শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই আমাদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। দিনটির উদ্দেশ্যকে অনুধাবন করে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমাদের পরিবার থেকেই সেই পরিবেশ তৈরির দায়িত্বটা নিতে হবে। নারীদেরকে তার সম্মানের উপযুক্ত জায়গাটা দিতে হবে, হোক সেটা ঘরে বা কর্মক্ষেত্রে। কিছুক্ষেত্রে এখনও অনেক আস্থাহীনতা দৃশ্যমান নারীদের ব্যাপারে। তাই, উপযুক্ত পরিবেশ ও সহযোগীতা পেলে সেও হবে সফল ব্যক্তিত্ব, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সহকর্মী। আর এই অনুশীলন শুরু হতে হবে প্রতিটি পরিবার থেকে। ঘরে বাইরে শুধু নারী নয়, পুরুষ এবং নারী উভয়ের জন্যই কাজের পরিবেশটা অনুকূল করতে হবে এবং যাবতীয় ঝুঁকির বিষয়গুলোর নির্ধারণ করে যথাযথভাবে সেগুলোর সমাধান করতে হবে।’
অনুষ্ঠানে নারী কর্মকর্তাদেরকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয় এবং সিএসই পরিবারের পক্ষ থেকে তাদের একজন মহিলা নির্বাহীকে ‘বর্ষসেরা নারী’ হিসেবে বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।
















