চট্টগ্রাম : সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শোকবার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সিইউজের নেতারা বলেন, ‘মুহাম্মদ শফিকুর রহমান ছিলেন সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত একজন ব্যক্তিত্ব। দীর্ঘ সাংবাদিকতা জীবন শেষে রাজনীতিতে যুক্ত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’
মুহাম্মদ শফিকুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
















