চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নগরীর কেবি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলামের কুরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
আব্দুল মান্নান টেরীবাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও সমিতির সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। সাধারণ সভা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী সভার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সমিতির অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ বিগত দুই বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সভায় উপস্থাপন করেন। সদস্যদের মতামত ও আলোচনার পর সমিতির আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়া সভায় সমিতির গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় (২০২৭-২০২৮) নির্বাচন উপলক্ষে মফিজুল ইসলাম রয়েলকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে সাত জনবিশিষ্ট নির্বাচন কমিশন হঠন করা হয়।
সভায় সদস্যদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যরা সমিতির বিভিন্ন কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সাংগঠনিক নানা বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা সদস্যদের বিভিন্ন প্রশ্নের সাবলীলভাবে উত্তর দেন।
সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল এবং উপদেষ্টা খাইরুল ইসলাম কক্সি, মোহাম্মদ ইসমাইল ও আহমদ হোছাইন।
বক্তারা টেরীবাজারের ব্যবসায়ীদের ঐক্য, সমিতির সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা, আর্থিক স্বচ্ছতা ও ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের নেতৃবৃন্দসহ কার্যকরী পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর, মো. ফরিদুল ইসলাম ও মো. গোলাম নবী; যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও এসএসএস. বাহাদুর; সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব; আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ; সমাজকল্যাণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ; দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ; অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম; সাহিত্য ও ধর্মীয় সম্পাদক তাজুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, মোহাম্মদ জাবেদ ও মো. আবু ছালেক।
















