পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাস্তার পাশে ঘুমিয়ে ছিলেন শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম (৬০)। হয়তো ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম দিচ্ছিলেন। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। অথচ বাবার দাফনের পরদিনই তাঁর মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দর-কষাকষিতে বসতে হয় ছেলেকে। শেষ পর্যন্ত ৩০ হাজার টাকায় সমঝোতা হয় বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসদরে উপজেলা ভূমি অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার প্রয়াত আবদুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভূমি অফিসসংলগ্ন সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন আবুল কালাম। এ সময় ‘খাজা গরিবে নেওয়াজ’ পরিবহনের একটি চলন্ত বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাত ১১টার দিকে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. ইকবাল বাসচালককে আসামি করে পটিয়া থানায় মামলা করেন।
২০ হাজারের প্রস্তাব, শেষ পর্যন্ত ৩০ হাজারে সমঝোতা :
মামলার বাদী ও বাসের মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার পর নিহতের পরিবারকে প্রথমে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে সোমবার সন্ধ্যায় সমঝোতার জন্য বৈঠক বসে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির প্রতিনিধি মো. এনাম, বাসমালিকের প্রতিনিধি রফিক ড্রাইভার এবং মামলার বাদী মো. ইকবাল। আলোচনা ও দর-কষাকষির একপর্যায়ে ৩০ হাজার টাকায় সমঝোতা হয়।
মামলার বাদী মো. ইকবাল সমঝোতার বিষয়টি স্বীকার করলেও জানান, নিজের ইচ্ছায় তিনি এতে রাজি হননি। বাস মালিক সমিতি ও মালিকপক্ষের চাপের মুখে বাধ্য হয়ে সমঝোতা করেছেন। প্রথমে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয় বলে জানান তিনি।
ঘটনার পর পালিয়ে যান চালক, পরে গ্রেপ্তার :
বাসের মালিকের প্রতিনিধি রফিক ড্রাইভার জানান, বাসটির মালিক সাইফুল ইসলাম তাঁকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। দুর্ঘটনার সময় বাসটি রাসেল নামের একজন চালাচ্ছিলেন। ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পুলিশ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাসচালক শাহাদাত হোসেন রাসেলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন ৫ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ মাস্টারের বাড়ির মুনছুর আলীর ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘নিহতের ছেলের দায়ের করা মামলার পর অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় তাঁকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আদালতে পাঠানোর কথা রয়েছে।’
সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বাসটি জব্দের চেষ্টা চলছে।’
বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ে ক্ষোভ :
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, পটিয়া রুটে কিছু বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে।
একদিকে চলছে মামলা, গ্রেপ্তার হয়েছেন বাসচালক।
অন্যদিকে বাবাকে হারিয়ে শোকাহত একটি পরিবার। যে মানুষটির শেষ ঠিকানা এখন পারিবারিক কবরস্থান, তাঁর মৃত্যুর পরদিনই সেই মৃত্যুকে ঘিরে ৩০ হাজার টাকার সমঝোতা—এ ঘটনা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
















