চট্টগ্রাম : সম্প্রতি চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণকালে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আহতদের শয্যাপাশে অবস্থান করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মীর হেলাল উদ্দীন আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রক্রিয়ার বিস্তারিত খোঁজখবর নেন।
তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ নির্দেশনা দেন। চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি বা অবহেলা না হয়, সে বিষয়ে মীর হেলাল হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী হাসপাতালে উপস্থিত আহত নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।
তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
চিকিৎসার ব্যয়ভারসহ যেকোনো প্রয়োজনে সরকার এবং দল তাঁদের পাশে থাকবে বলে মীর হেলাল উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















