চট্টগ্রাম : পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দর এসে পৌঁছায়।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। তাছাড়াও জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।
এর পূর্বে, জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিক বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ চীনা জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি, এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌসদস্যগণ পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ লাভ করবে।
শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যত প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, জাহাজগুলো আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
















