চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাব ও র্যা ব-৭’-এর মধ্যে উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে প্রেস ক্লাব টিমকে হারিয়ে জয় তুলে নেয় র্যাব-৭ টিম।
শনিবার (১ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় র্যাব-৭’-এর সদর দপ্তরের নিজস্ব খেলার মাঠে ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন র্যাব-৭’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপ-কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ, ফারুক মুনি প্রমুখ উপস্থিত ছিলেন।
ম্যাচ শুরুর প্রথমার্ধে র্যাব-৭ টিমের খেলোয়াড়ের চোখধাঁধানো জোরালো শটে বল জড়ান জালের ওপরের কোণে। র্যাব-৭ টিম এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে লড়ে প্রেস ক্লাব টিম। এমন সময় প্রেস ক্লাব টিমের খেলোয়াড়ের চমৎকার শটে ১-১ গোলে সমতায় ফেরান। শেষ মুহূর্তে টানটান উত্তেজনা চলছে। খেলায় জয় পেতে দুই দলই মরিয়া হয়ে উঠে। ঠিক সেই সময় দুর্দান্ত গতিতে আরও দুইটি গোল করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে র্যাব-৭। এরপর রেফারির শেষ বাঁশির সাথে সাথেই জয়ের উল্লাসে মেতে উঠে র্যাব-৭।
ম্যাচে র্যাব-৭’-এর মো. হাফিজুর রহমান দুইটি গোল এবং অপস অফিসার এআরএম মোজাফ্ফর হোসেন একটি গোল করেন। আর একটি গোল করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
ম্যাচ শেষে মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।
ম্যাচটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
















