চট্টগ্রাম : জরুরি প্রয়োজনে নিকটস্থ হাসপাতালের আইসিইউ, সিসিইউ, বেড ও কেবিনের তথ্য সহজে খুঁজে পেতে চালু হয়েছে স্বাস্থ্যসেবাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বেদকই’ মোবাইল অ্যাপ।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান অ্যাশ ডেভস’-এর উদ্যোগে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সহসভাপতি ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম. রেজাউল করিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের টিকেএম ডিরেক্টর ডা. জান্নাতুল নাঈম হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে রোগী ও স্বজনদের প্রায়ই বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে আইসিইউ, সিসিইউ কিংবা সাধারণ বেডের প্রাপ্যতা সম্পর্কে জানতে হয়। এতে মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তির সৃষ্টি হয়। এই সমস্যা লাঘবে ‘বেদকই’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সংশ্লিষ্ট হাসপাতালের বেড ও কেবিনের তথ্য খুঁজে পাওয়ার সুযোগ পাবেন।
ইতোমধ্যে অ্যাশ ডেভস’-এর ‘বেদকই’ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখ ফজলে রাব্বি। তিনি চট্টগ্রামের সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন।
এরই মধ্যে চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল ও নাগরিক হাসপাতাল ‘বেদকই’-এর সঙ্গে যুক্ত হয়েছে।
‘বেদকই’-এর সিইও এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হাসপাতালভিত্তিক প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করা এবং জরুরি সময়ে রোগী ও স্বজনদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। পর্যায়ক্রমে আরও হাসপাতালকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
সেখ ফজলে রাব্বি বলেন, ‘স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। বিশেষ করে জরুরি রোগীদের ক্ষেত্রে দ্রুত সঠিক তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বেদকই’-এর মতো উদ্যোগ হাসপাতালের আইসিইউ, সিসিইউ ও বেডের প্রাপ্যতা সম্পর্কে তথ্য পেতে রোগী ও স্বজনদের সহায়তা করবে। এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ স্বাস্থ্যসেবাকে আরও সহজ, গতিশীল ও জনবান্ধব করতে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’
একেএম ফজলুল হক বলেন, ‘বেদকই’-এর এই উদ্যোগ সময়োপযোগী ও জনকল্যাণমূলক। আমরা ‘বেদকই’-এর সঙ্গে যুক্ত হয়েছি। চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল পর্যায়ক্রমে এর আওতায় আসবে বলে আমার বিশ্বাস।’
এটিএম রেজাউল করিম বলেন, ‘হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে এই প্ল্যাটফর্ম দেশের জরুরি স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।’
















