চট্টগ্রাম : সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ ভূঁইয়া পলাশ ও মোহাম্মদ আলী ভূঁইয়া নিশানকে সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দামপাড়ার ব্রেভ একাডেমি মিলনায়তনে আইন কলেজের শেষ বর্ষের (২০২৪-২৫) শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিজন আফরোজা চৌধুরী দিনা বলেন, ‘সম্মাননা প্রাপ্তি কেবল ব্যক্তিগত আনন্দ ও গৌরবের বিষয় নয়, বরং সংশ্লিষ্ট কর্মের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। একজন সংস্কৃতিকর্মীর দীর্ঘদিনের সাধনা, শ্রম, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা তাকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে।’
তিনি আরও বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সংগীতশিল্পী ও সংস্কৃতিসেবীরা তাদের সৃজনশীল কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করেন।’
নাট্যজন অলোক ঘোষ পিন্টু বলেন, ‘প্রকৃত শিল্পীরা শ্রম, অবদান ও মেধার অনেক সময় যথাযথ মূল্যায়ন পান না। তাই জীবদ্দশায় গুণীজনদের সম্মানিত করা, তাদের কর্ম ও সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সম্মাননা একজন মানুষের অতীত কর্মের স্বীকৃতি হলেও এর মধ্য দিয়ে ভবিষ্যতের পথচলার নতুন অনুপ্রেরণা তৈরি হয়।’
প্রকৌশলী শাহীন চৌধুরী বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যারা দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তাদের যথাযথ মূল্যায়ন নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলবে।
আয়োজকদের পক্ষ থেকে সিরাজুল ইসলাম বাপ্পি বলেন, ‘আইন শিক্ষা ও শিল্পচর্চা—এই দুইয়ের মাধ্যমেই সমাজ সচেতনতার বার্তা দেওয়া যায়। সমাজ পরিবর্তনে দুটোই দুই দিক থেকে কাজ করে। একটা মানুষের মন বদলায়, আরেকটা ব্যবস্থা বদলায়। দুটো একসঙ্গে না হলে সমাজ বদলায় না। সুস্থ, মানবিক ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মমি ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. রহিম উদ্দিন।
অনুভূতি ব্যক্ত করে সম্মাননাপ্রাপ্ত মোশারফ ভূঁইয়া পলাশ ও মোহাম্মদ আলী ভূঁইয়া নিশান বলেন, ‘যেকোনো স্বীকৃতি ও সম্মাননা একজন কর্মীর কাছে আনন্দের। তবে এই সম্মাননা আমাদের কাছে কেবল প্রাপ্তি নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনের প্রতি দায়বদ্ধতা আরও গভীর করার অনুপ্রেরণা।’
তারা ভবিষ্যতেও সংস্কৃতি ও সমাজের কল্যাণে নিজেদের সাধ্য অনুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
















