চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমানের ওপর ন্যক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আজকের সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না। রাজপথের আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা মনে করছেন ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় রাজপথে থাকবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিটির নয়া বাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম-১০ আসনের এমপি সাইদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান।
বিক্ষোভ সমাবেশ শেষে শাহাদাত হোসেন ও আবু সুফিয়ানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড় গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে শাহাদাত হোসেন আরও বলেন, ‘আজকের সমাবেশে মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে, দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা এখনো ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছেন। নেতাকর্মীদের এই উপস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে।’
ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, ‘বিজয় দিবসকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
‘বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।’
বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরুন। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের মুখোমুখি হতে হবে।’
দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, মামলা-হামলা ও রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতি জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে। জনগণের প্রত্যাখ্যানের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে চলে গেছেন।’
আবু সুফিয়ান বলেন, ‘সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তার ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যারা দেশের মানুষের প্রত্যাখ্যানের মুখে দেশ ছেড়ে চলে গেছে, তাদের ফিরে আসার বিষয়ে নানা তৎপরতা জনগণের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।’
আবু সুফিয়ান এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এসকে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টি, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, বিএনপির নেতা বাবুল হক, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন, জিয়াউর রহমান জিয়া, শহীদ মোহাম্মদ চৌধুরী, ইকবাল হোসেন, ফরিদুল আলম, সৈয়দ ওমর ফারুক, খাজা আলাউদ্দিন, আবছারুল ইসলাম, শফিউল্লাহ, খোরশেদ মাঝি, কাজী শামসুল আলম, আশরাফ খান, গোলাম মনসুর, মোস্তাফিজুর রহমান সুমন, এসএম আজাদ, সেলিম বাঙালী, মো. আলমগীর, হাসান ওসমান, ফখরুল ইসলাম রাজু, মোহাম্মদ ফারুক, শেখ রাসেল, মহসিন কবির আপেল, শহীদুল ইসলাম, জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, কামরুল হাসান আকাশ, মোশাররফ আমীন সোহেল, কুতুবউদ্দিন উদ্দিন, হাবিবুল্লাহ খান রাজু, আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল প্রমুখ।
















