পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার পাহাড়ি এলাকায় বাগানের কাজে যাওয়ার পথে ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণকারীরা মুঠোফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এক কৃষকের পরিবার বিকাশে ৮০ হাজার টাকা পাঠালেও তিনি এখনো ফিরে আসেননি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা সবাই উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপহরণের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফরের (২৬) নাম জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের দেওয়া তথ্যানুযায়ী, সকালে কৃষকেরা পাহাড়ে নিজেদের বাগানের উদ্দেশ্যে রওনা হলে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল তাঁদের পথরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের পাহাড়ের দুর্গম এলাকায় নিয়ে যায়। এ সময় সুযোগ বুঝে দুইজন কৃষক অপহরণকারীদের কবল থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসেন।
অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হলেও এখনো ওই কৃষকের কোনো সন্ধান মেলেনি।
বিষয়টি পুলিশ কিংবা গণমাধ্যমকে জানালে অপহৃতদের ওপর হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকায় অপহরণের ঘটনা নতুন নয়। এর আগে প্রায় দুই মাস আগেও একই এলাকায় অপহরণের ঘটনা ঘটে। সে সময় মুক্তিপণ দিয়ে অপহৃতরা ফিরে আসেন বলে জানান তাঁরা।
পাহাড়ি এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে বলেও দাবি স্থানীয়দের।
এদিকে একসঙ্গে ২৫ কৃষক অপহরণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।
অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ নিয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’’
















