হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন অঙ্গনের তিন যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকালে চবির বুদ্ধিজীবী চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিন। অতিথি ছিলেন অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষ্কর রঞ্জন সাহা।
অনুষ্ঠানে মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং তাকে আরও উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে যেমন গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তেমনি থাকবে গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা। সব ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সম্মিলনেই একটি বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে প্রাণবন্ত হয়ে ওঠে।’
‘তবে সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। কোনো সংগঠন যখন দলীয় স্বার্থের কাছে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, আমি আশা করি, অঙ্গনের এই পথচলা আরও সুদৃঢ় হবে, এর সঙ্গে যুক্ত প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সাংস্কৃতিক আন্দোলনে অবদান রাখবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবেন।’
অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মাহবুব আলম অঙ্গন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া র্যালিসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠার তিন যুগপূর্তি উদযাপিত হয়।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অঙ্গনের সাবেক সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
















