চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ মো. শামসুল আলম (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির জুট রেলি ঘাট-১’-এর প্রবেশমুখে এ অভিযান চালানো হয়।
শামসুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শামসুল আলমের বাড়ির মৃত তাজর মুল্লুকের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জুট রেলি ঘাট-১’-এর প্রবেশমুখের পাকা রাস্তা থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় সদরঘাট থানায় মামলা করা হয়েছে।
















