একটা গল্পের শুরু হয়েছিল কয়েকজন তরুণের স্বপ্ন থেকে। দুই বছরেরও বেশি সময়, পড়াশোনা, পরীক্ষা আর জীবনের ব্যস্ততার ফাঁকে সেই স্বপ্নকে তাঁরা নিয়ে এসেছেন বড় পর্দায়। এবার দর্শকের সঙ্গে দেখা হওয়ার পালা। আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্যপাতা’।
বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ জনেরও বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত ছবিটি ইতোমধ্যেই ট্রেলার ঘিরে কৌতূহল তৈরি করেছে। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা, শাখাওয়াত হোসেন, অভিনেতা নাসির উদ্দিন খান ও রফিউল কাদের রুবেল ট্রেলারটিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ দর্শকদের মধ্যে ছবিটির গল্প ও উপস্থাপন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
ঢাকায় স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমা; চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড ও সুগন্ধা সিনেপ্লেক্স; কুমিল্লার কে-স্ক্রিন, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স এবং রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউতে দেখা যাবে ছবিটি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির চাপ, পরিবারের প্রত্যাশা, অনিশ্চিত ভবিষ্যৎ আর তারই মধ্যে জন্ম নেওয়া ভালোবাসা—‘অন্যপাতা’ আমাদের চেনা জীবনেরই গল্প বলতে চায়। ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে, তা না জেনেও দুইজন মানুষ একসঙ্গে পথ চলতে চাইলে কী হয়? সেই উত্তর এবার বড় পর্দায় খুঁজবেন দর্শক।
















