চট্টগ্রাম : ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অরিন্দম নাট্য সম্প্রদায়।
আগামী ১৬-১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
অনুষ্ঠানমালায় থাকছে অরিন্দমের প্রযোজনা ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ’।
আয়োজনের অন্যতম অংশ হিসেবে থাকছে গ্রুপ থিয়েটার চট্টগ্রামের নাট্যজনদের ৪০’ স্মৃতি ও অরিন্দম উত্তরীয় প্রদান এবং জিয়া হায়দার স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’। স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ইউসুফ ইকবাল। পাশাপাশি থাকছে খোলা মাঠে পালাগানের আয়োজন।
‘নোলক জানের পালা’ রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়িক সিদ্দিকী, পরিবেশনায় আহির বাংলা।
এ আয়োজনের মধ্য দিয়ে অরিন্দমের ৫৩ বছরের নাট্যচর্চা, সৃজন ও সাংস্কৃতিক পথচলাকে উদযাপন করা হবে।
১৬ ও১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। ১৮ ও ১৯ সেপ্টেম্বর নাটকের টিকেট মিলনায়তনে পাওয়া যাবে।
















