চট্টগ্রাম : দীর্ঘ বিরতির পর নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে ফিরতে যাচ্ছে সত্যজিৎ মোশন পিকচারস। ইতোমধ্যে নতুন প্রজেক্টের প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। নাট্যকার অনিমেষ দাশ গুপ্তার গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই নতুন সামাজিক থ্রিলার-অ্যাকশন-ড্রামা শর্ট ফিল্ম। পরিকল্পনা ওনির্মাণ প্রস্তুতি নিয়ে ব্যস্ত পুরো টিম।
এবারের গল্পে উঠে আসবে একটি গ্রামের সাহসী তরুণীর জীবন, যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। হঠাৎই তার জীবনে আসে এক রহস্যময় যুবক। সাধারণ একজন পর্যটক পরিচয়ে গ্রামে এলেও তার আগমনের পেছনে লুকিয়ে থাকে এমন এক গোপন উদ্দেশ্য, যা ধীরে ধীরে বদলে দিতে শুরু করে পুরো গ্রামের ভাগ্য।
প্রতিবাদ, আত্মরক্ষা, ভালোবাসা ও ন্যায়ের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে একটি সামাজিক থ্রিলার-অ্যাকশন-ড্রামা শর্ট ফিল্ম, যেখানে প্রতিটি বাঁকে থাকবে রহস্য, আবেগ ও চমক।
এই নতুন শর্ট ফিল্মটি পরিচালনা করবেন বড়ুয়া সীমান্ত। প্রধান চরিত্রে অভিনয় করবেন সত্যজিৎ নন্দী। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে থাকছেন একাধিক পরিচিত ও দক্ষ অভিনয়শিল্পী, যাদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। চিত্রগ্রাহক হিসেবে থাকছেন রক জার্মান ডায়েস।
প্রযোজনা সহযোগী হিসেবে যুক্ত আছেন আল ইমরান ও রুবেল চৌধুরী।
প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই প্রকাশ করা হবে ফার্স্ট লুক,
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আসন্ন শারদীয় দুর্গাপূজায় মুক্তি পাবে নতুন এই শর্ট ফিল্ম।
















