চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে আটক করেছে এসআরবি-৭। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে মো. নাছির (২২) নামে ওই আসামিকে আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়ার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চুরির সন্দেহে ধরে নিয়ে যান কয়েকজন। পরে তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে নিয়ে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনকে এজাহারনামীয় আসামি করে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৭ চট্টগ্রাম। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি মো. নাছির ফটিকছড়ি এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি থানার সুয়াবিল ইউনিয়নের শোভনছুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নাছির পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
















