চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় অবস্থিত হযরত পীর আলী শাহ জামে মসজিদে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক শাহাদাত হোসেন।
নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক।
এ সময় তিনি বলেন, ‘মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়াকে আমি অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয় বলে মনে করি।’
‘চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগরীর সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নগরীর উন্নয়ন কার্যক্রমে এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। মানুষের ধর্মীয়, সামাজিক ও নাগরিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
প্রশাসক মসজিদের নির্মাণকাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
















