বাংলার সাহিত্য ও লোকসংস্কৃতির মেলবন্ধনে আগামী ২৮ জুন রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনের (আমেদাবাদ কালীবাড়ি) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ৮৮ বছর ধরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে আসছে। এবারের অনুষ্ঠানের প্রথম পর্বে মঞ্চস্থ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘কপালকুণ্ডলা’ অবলম্বনে নির্মিত নাটক। নাট্যরূপ, সম্পাদনা ও নির্দেশনায় রয়েছেন প্রসেনজিৎ দত্ত।
দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে গ্রামবাংলার লোকঐতিহ্যভিত্তিক ‘টুসু-ভাদু’ নৃত্যনাট্য। প্রসেনজিৎ দত্তের রচনায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলীর নির্দেশনা ও কোরিওগ্রাফিতে নির্মিত এই প্রযোজনায় লোকসংস্কৃতি, প্রেম ও সামাজিক বাস্তবতার নানা দিক তুলে ধরা হবে। সঙ্গীত পরিচালনা করেছেন শ্বেতা কর্মকার।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে এই প্রযোজনায় অংশ নিচ্ছেন ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশের তিন শিল্পী রশ্নি সিনহা, অভ্র বড়ুয়া, প্রণয় চৌধুরীসহ প্রায় ৬০ জনেরও বেশি শিল্পী।
কেকে/এমএ
















