পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ও মগনামা ইউনিয়নের প্রাণকেন্দ্র সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পেকুয়া থানা পুলিশের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, “সমাজকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ও অনলাইন জুয়া বর্তমানে সমাজের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। কোথাও মাদক বা অনলাইন জুয়ার কর্মকাণ্ডের তথ্য পেলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন।”
উজানটিয়া ইউনিয়নের বিট পুলিশ অফিসার সাজ্জাদ হোসেন বলেন, “বাংলাদেশ সরকার মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সমাবেশ, র্যালি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করতে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই পেকুয়া উপজেলা মাদক ও অনলাইন জুয়ামুক্ত হোক।”
তিনি আরও বলেন, ‘‘মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।’’
র্যালিতে উপস্থিত ছিলেন সোনালী বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা আব্বাস উদ্দিন, সভাপতি নুরুল আজিম, সহ-সভাপতি হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য নুরুন্নবী ও ফোরকান, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) উজানটিয়ার টিম লিডার আক্তার আহমদ প্রমুখ।
র্যালিটি সোনালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে।
















