সীতাকুণ্ড, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যেগে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় উদ্যোগে ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানে মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে আরও ৩০ হাজার চারা বিতরণ করা হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দিন। সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ বায়ুুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন।’
ওমর ফারুক আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সারাদেশে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করতে হবে।’
অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১৩০টি সংগঠনকে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর পিএইচটি সেন্টার তত্ত্বাবধায়ক মো. শহীদ উল্ল্যাহ।
বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি রাজু কামাল, সহ-সভাপতি খোরশেদ আলম, একেএম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক মো. সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হুসাইন, অধ্যাপক নুরুল গনি চৌধুরী, সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক।
















