লিসবন, পর্তুগাল : পর্তুগালের রাজধানী লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগালের উদ্যোগে ‘নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা’ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) লিসবন কেইল দো আমারাল অ্যাম্ফিথিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এসএম গোলাম সরওয়ার।
প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী মিলনমেলায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র্যাফেল ড্র ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। এসব আয়োজন প্রবাসে বাঙালির শিকড় ও সংস্কৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। খাবারের তালিকায় ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা, শিশুদের জন্য বিরিয়ানি এবং অন্যদের জন্য দেশীয় নানা ধরনের ভর্তা ও ভাজা মাছসহ বৈশাখী পান্তা।
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগাল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
মো.মাসুদ রানা ও মো. রিদওয়ানের সঞ্চালনায় এবং সাইফুল ইসলাম জয় ও মোজাম্মেল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি বরণে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকবাল চৌধুরী, আশরাফুল আলম, মো. আলাউদ্দিন ও আহমদুর রহমান।
আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন নাছিরুল আলম সাইমন, আব্দুল্লাহ আল জিহাদ, শ্রী প্রমল দা, ইমদাদুল হক রিফাত, রাফি ও মোহাম্মদ কাইয়ুম উদ্দিন। উপহার ও কুপন বিতরণে দায়িত্ব পালন করেন আবুল কাশেম, হেলাল উদ্দিন, মো. জিয়া উদ্দিন ও মোহাম্মদ শাহিন। ক্রীড়া আয়োজন পরিচালনা করেন তাওহীদুল আলম, পাশা, মো. ইমরান, মানিক ও মুসলেহ।
















